চট্টগ্রাম, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় মো. রাকিব (২২) নামে এক গার্মেন্টকর্মীকে বখাটেরা খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব ও তার সহকর্মী নগরীর সেলিম এন্ড ব্রাদার্স গার্মেন্ট লিমিটেডের কর্মী বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাহাড়তলী থানার ওসি বশীর আহম্মেদ খান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক পংকজ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছুরিকাঘাতে আহত রাকিবকে মঙ্গলবার মধ্যরাতে চমেক হাসপাতালে নিয়ে আসেন মোহনা বেগম নামে তার এক সহকর্মী।
তাকে হাসপাতালে ভর্তির পর মোহনা সেখান থেকে চলে যান বলে জানান পংকজ।
রাকিব রাত সাড়ে তিনটার দিকে মারা যান।
পংকজ বলেন, "হাসপাতালে ভর্তির সময় মোহনা পুলিশকে জানিয়েছেন, বাড়ি ফেরার পথে কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছিলো। রাকিব এর প্রতিবাদ করলে যুবকরা তাকে ছুরি মারে।"
পাহাড়তলী থানার ওসি বশীর আহম্মেদ জানান, সহকর্মীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা রাকিবকে ছুরি মারে। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
তিনি বলেন, "নিহত রাকিব ও তার সহকর্মী মোহনা দুজনই নগরীর সেলিম এন্ড ব্রাদার্স গার্মেণ্টসের সুইং অপারেটর। তারা মঙ্গলবার সোয়া সাতটায় কারখানা থেকে বেরিয়ে যায়।"
রাকিবের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়।
এ হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ মঞ্জু বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেছেন বলে জানান বশীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/১৯২৪ ঘ.
bdnews24