২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পানি ব্যবস্থাপনায় নেমেছে সেনাবাহিনী

রাজধানীর পানি বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ওয়াসার পানির পাম্পের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 05:24 AM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পানি বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ওয়াসার পানির পাম্পের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। ওয়াসা চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা ওয়াসার জোন অফিসগুলোয় সেনাবাহিনী মোতায়েন হয়েছে। পানি সমস্যা নিরসনে সেনাবাহিনী জোন অফিসগুলো থেকে ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। সেনা সদস্যদের নেতৃত্বে রয়েছেন কর্নেল পদ মর্যাদার কমান্ডিং অফিসার। ঢাকা ওয়াসার প্রতিটি জোনেই একজন করে কর্মকর্তা থাকবেন বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা ওয়াসার অধীনে নারায়ণগঞ্জের একটিসহ মোট ১০টি জোন অফিসে ৫৪৬টি পাম্প রয়েছে। এগুলোর মধ্যে ২৯৩টি জেনারেটরে চলছে। ৮০টি পাম্প বিদ্যুতের বিকল্প সংযোগ দিয়ে চালানো হচ্ছে। গরমে পানি সঙ্কটের সময় প্রতি বছরই সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয় জানিয়ে ওয়াসা চেয়ারম্যান বলেন, বৃষ্টি শুরু হলে পানির সমস্যা অনেকাংশে চলে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে মাস খানেকের মধ্যে সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হবে। তিনি জানান, পানির পাম্পগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় সেখানে সেনাবাহিনী থাকলে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। বর্তমানে রাজধানীতে ২২০ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে ১৯০ কোটি লিটার পানি উৎপাদন করতে পারে ওয়াসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১১২১ ঘ.