চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ৫০টি মোবাইল ফোনসেটসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক ইকবাল হোসেন সংযুক্ত আরব আমীরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের ওসি (ইমিগ্রেশন) আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টা নাগাদ শারজাহ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইকবাল শাহ আমানত বিমানবন্দরে আসেন।
তিনি জানান, কাস্টমস কর্তৃপক্ষ তার লাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা নোকিয়ার বিভিন্ন মডেলের তিনশ ৫০টি মোবাইল ফোন সেট জব্দ করে।
এগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানান তিনি।
চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা শাখার সুপারিন্টেডেন্ট তাহেরুল আলম স্বপন জানান, ফোনসেটগুলো জব্দ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ইকবালকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৩৬ ঘ.
bdnews24