চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানেন না তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক নন বলে আবারো দাবি করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ।
শওকত মাহমুদ মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপি'র 'তৃণমূল প্রতিনিধি সভার ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটি এ সভা আয়োজন করে।
২০ মার্চ কক্সবাজারে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় শওকত বলেন, "স্বাধীনতার ঘোষণা কোনো ফিস ফিস কথা নয়। পৃথিবীর সবাই জানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।"
এ বক্তব্যের পরবর্তি কয়েকদিনে শওকতের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থক দুই আইনজীবী দুটি মামলা করেন।
মঙ্গলবারের সভায় শওকত বলেন, "শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা হলে বর্তমান সরকারের মন্ত্রী একে খোন্দকার ও সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ'র বিরুদ্ধে আগে মামলা হওয়া উচিৎ।"
বিএনপিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষা কবচ বলে দাবি করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।
খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আগামী দিনের কাণ্ডারি দাবি করে শওকত বলেন, "বর্তমান সরকার তারেককে ভয় পেয়ে দেশে আসতে দিচ্ছে না।"
তারেকের বিরুদ্ধে ইহুদি-মার্কিন ও ভারতীয় আধিপত্যবাদী চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, "তারেক ভারতে পড়ালেখা করেন নাই, আমেরিকার মেয়ে বিয়ে করেন নাই, সে এদেশের সন্তান। আল্লাহর ওয়াস্তে তাকে ধার দিন।"
খন্দকার মোশাররফ বলেন, "বিদ্যুৎ সঙ্কট নিরসনের কথা আসলে সরকারের মন্ত্রী-এমপি'রা দাবি করেন আমরা নাকি (চারদলীয় জোট সরকার) দিইনি। অথচ আমাদের সময়ে সঙ্কট থাকলে তা এ ১৫ মাসের মতো চরম আকার ধারণ করেনি।"
চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে নেতাদের মধ্যে আদর্শিক কোন দ্বিধাদ্বন্দ্ব নেই বলে দাবি করে মোশাররফ বলেন, "নিজেদের মধ্যেকার মতপার্থক্য দূর করে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে হবে।"
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, দলে, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুব উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক আহমেদ চৌধুরী, ড. হাসান মোহাম্মদ, আ ন ম মুনির আহমেদ চৌধুরী, নছরুল কাদির, এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী প্রমুখ।
সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১১ ঘ.
bdnews24