২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপ কমেছে: সাহারা

চারদলীয় জোট সরকারের তুলনায় মহাজোট সরকারের সময়ে দেশে এসিড নিক্ষেপের ঘটনা অনেক কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের তুলনায় মহাজোট সরকারের সময়ে দেশে এসিড নিক্ষেপের ঘটনা অনেক কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের (এনএসিসি) বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসিড সন্ত্রাস কমাতে সারা দেশে ৫৯ জেলায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের কমিটি করা হয়েছে। তাদের কার্যক্রম আরো গতিশীল করতে বৈঠকে দিক-নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসিড আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটকে দুই লাখ টাকার একটি চেক দেওয়া হয় বৈঠকে। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত তিন মাসে ৩৩ জনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় আহত হন ২৪ জন। গত বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ) ২২ জনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় আহত হন ১৯ জন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসিড আক্রান্তদের চিকিৎসা ও এসিড নিক্ষেপের বিপরীতে জনসচেনতা সৃষ্টিতে এনএসিসি দুই কোটি টাকা বরাদ্দ পেয়েছে। সেখান থেকে ইতিমধ্যে ৭১ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫১ ঘ.