ভোলা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ।
নির্বাচনী এলাকার পরিবেশ-পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
সোমবার দুপুর ১২টায় ভোলায় শহরে সংবাদ সম্মেলন করে হাফিজ নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েনের দাবি জানান।
চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমানের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী দাবি করেন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা বিরোধীদলটির নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এছাড়া আওয়ামী লীগ কর্মীদের হামলায় গত কয়েকদিনে বিএনপির ৪০-৫০ কর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
হাফিজ মনে করেন, আওয়ামী লীগ নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের চেষ্টা করতে পারে। যদি সেটা না পারে তাহলে বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিতে পারে।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। আওয়ামী লীগ জসিমউদ্দিনকে বাদ দিয়ে মো. নূরুন্নবী চৌধুরীকে প্রার্থী করেছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন আওয়ামী লীগের জসিমউদ্দিন।
২০০৪ সালের ৩১ আগস্ট সেনাবাহিনী থেকে জসিমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ উদ্দিন আহম্মেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট তার সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে।
ওই রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিনের আবেদন ১৮ অক্টোবর খারিজ করে আপিল বিভাগ।
গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসনটি শূন্য ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে ভোলা-১ আসনেরর সংসদ সদস্য বিজেপি প্রধান আন্দালিভ রহমান বলেন, সরকার গঠনের ১৪ মাসের মাথায় এই উপনির্বাচনে প্রার্থী পরিবর্তন প্রমাণ করে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পদাক ফারুক মিয়াসহ চারদলীয় জোটের স্থানীয় নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24