২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের কর্মবিরতি

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে এক কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় সোমবার থেকে দুদিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 01:08 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে এক কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় সোমবার থেকে দুদিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আগেরদিন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালকের ব্যক্তিগত সহকারী চমক চন্দকে তার কক্ষে ছাত্রলীগ কর্মীরা ধাক্কা দেয়। প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলার পর প্রথমদিনই ছাত্রলীগ এ ঘটনা ঘটায়। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কমকর্তা-কর্মচারীদের সংগঠন অফিসার্স এসোসিয়েশন প্রতিদিন দুই ঘণ্টা করে দুদিন কর্মবিরতির ঘোষণা দেয়। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মবিরতি পালনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবারও দুই ঘণ্টার কর্মবিরতি চলবে বলে জানান তিনি। এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রলীগ। তৃতীয়দিনের মতো তারা উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করে রাখে এবং মিছিল-সমাবেশ করে। এ কারণে বিশ্ববিদ্যালয় খোলার দ্বিতীয়দিনও উপাচার্য তার কার্যালয়ে যেতে পারেননি। গত বছরের ১৪ ডিসেম্বর উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ ও অপসারণের দাবিতে ছাত্রলীগের ধর্মঘটের মুখে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫৭ ঘ.