সিরাজগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উপজেলার ঘুরকা নামক স্থানে সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল (৪২) রায়গঞ্জ থানার হাবিলদার। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়।
রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের জানান, জলিল তার চার সহকর্মীকে নিয়ে পাশ্ববর্তী সলঙ্গা থানায় আসামি ধরতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ করার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
তিনি বলেন, গুরুতর আহত জলিলকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এজে/এমএসবি/১৬৫৩ ঘ.
bdnews24