২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিই প্রধান লক্ষ্য'

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, তিন পার্বত্য জেলার ভূমি বিরোধ নিষ্পত্তিই কমিশনের প্রধান লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 07:02 PM

Updated : 24 Aug 2022, 08:08 PM

রাঙামাটি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, তিন পার্বত্য জেলার ভূমি বিরোধ নিষ্পত্তিই কমিশনের প্রধান লক্ষ্য। নির্দিষ্ট তিন বছর মেয়াদের মধ্যে কমিশন অর্পিত দায়িত্ব সম্পন্ন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে এ কাজের জন্য তিনি কমিশনের সদস্যদের সহযোগিতা কামনা করেন। রোববার সকাল ১০টায় রাঙ্গামাটি সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তা, হেডম্যান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পর্বত্য ভূমি কমিশনের আইন সংশোধনের বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদেমুল ইসলাম বলেন, আইন সংশোধন করা ভূমি কমিশনের কাজ নয়। তাছাড়া যেকোন দাবির বিষয়ে কমিশনের বৈঠকে আলাপ আলোচনা করা যেতে পারে। কিন্তু কমিশনের বৈঠকে না এসে বাইরে এসব কথা বলা সমীচীন নয়। দ্রুত ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য তিনি কমিশনের সদস্যদের বৈঠকে যোগ দিয়ে সহায়তা করার আহবান জানান। মতবিনিময় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুদ উল হাসান, হেডম্যান সমিতির সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সচিব মো. আব্দুল হামিদ। তবে কমিশনের তিন সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি, চাকমা রাজা দেবাশীষ রায় ও চট্টগ্রাম বিভাগীয় কশিমনার অনুপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১০০ ঘ.