২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ৭ বিডিআর সদস্যের দোষ স্বীকার

পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যদের মধ্যে সাতজন দোষ স্বীকার করেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 03:21 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

পঞ্চগড়, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটচকম) - পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যদের মধ্যে সাতজন দোষ স্বীকার করেছেন। এছাড়া মামলার বাদি ও ব্যাটালিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক সাক্ষ্য দিয়েছেন। পরে আসামিরা তাদের জেরা করেন। রোববার সকাল সোয়া ১১টায় ব্যাটালিয়ন সদরদপ্তরের সৈনিক হলে বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। দুপুর সোয়া ১টা থেকে সোয়া একঘণ্টা এবং বিকাল ৪টা থেকে আধঘণ্টা বিরতি দিয়ে বিচার কাজ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। বিচার কাজের শুরুতে প্রসিকিউটর ২৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন জানান। এদের মধ্যে অভিয্ক্তু আক্তারুজ্জামান ছুটিতে থেকেও বিদ্রোহে যোগ দেন বলে অভিযোগ করা হয়। মনির হোসেনের বিরুদ্ধে তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন (বর্তমানে মেজর) এ কে এম হাসিবুল হোসেনকে প্রাণনাশের উদ্দেশ্যে ধাওয়া করার অভিযোগ আনা হয়। এ সময় মাল্টিমিডিয়া প্রজেক্টরে ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দেখানো হয়। অভিযোগ পাঠ করার পর আসামিদের কাছে আদালত দোষী না নির্দোষ জানতে চাইলে মিজানুর রহমান দোষ স্বীকার করলেও বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন। বিকাল সাড়ে ৪টায় আদালতের কার্যক্রম আবার শুরু হলে অভিযুক্ত ফসিয়ার রহমান, বলাই চন্দ্র বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল হোসেন, আহসানুল আজম ও রফিকুল ইসলাম দোষ স্বীকার করেন। আদালত এই সাতজনকে বাদ দিয়ে ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের পর মামলার বাদি সুবেদার মেজর আমিরুল হক শেখ ও তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন (বর্তমানে মেজর) এ কে এম হাসিবুল হোসেন নবী সাক্ষ্য দেন। এরপর নির্দোষ দাবি করা আসামিরা এই দুই সাক্ষীকে জেরা করেন। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে বিচারক প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম। এছাড়া অভিযুক্ত মিজানুর রহমানের পক্ষে মেজর আবু হাসান, সিদ্দিকুর রহমান, কমল চন্দ্র রায়, আব্দুল করিম, মহিবুর রহমান, ওয়াহেদুজ্জামানের পক্ষে অ্যাভোকেট রফিক উদ্দীন আহম্মেদ ও শংকর কুমার এবং মনোয়ার হোসেনের পক্ষে অ্যাডভোকেট আব্দুল আউয়াল ফ্রেন্ডস অফ দ্যা একিউজ্ড হিসেবে উপস্থিত ছিলেন। মামলার আসামি মেহেরপুর সদরের ইসলামনগর গ্রামের পিয়ারুল ইসলাম ও পৌর এলাকার কলেজপাড়া মহল্লার জালালউদ্দিন এবং ফেনী সদর উপজেলার চনুয়া ইউনিয়নের জসিমউদ্দিন অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ স্বজনদের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে দেয়নি। তারা বিডিআর কর্তৃপক্ষের মাধ্যমে দেখা করার কথা বলেন। কিন্তু বিডিআর কর্তৃপক্ষ উল্টো কারা কর্তৃপক্ষকে দেখিয়ে দেন। এভাবে হয়রানি না করে তারা স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবি জানান। সকাল সাড়ে ৮টায় অভিয্ক্তুদের বিডিআরের পোশাক পরিয়ে আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শেষে আবার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ৩ ও ৪ ফেব্র"য়ারি বিচার কাজ চলার পর আদালত রোববার (৪ এপ্রিল) পর্যন্ত মুলতবি করা হয়েছিল। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদরদপ্তরের কিছু সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। গত বছরের নভেম্বরে বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার চলছে। বিদ্রোহের বিচার হবে বিডিআর আইন এবং হত্যা, ধর্ষণসহ অন্য ফৌজদারী অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিআর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটচকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৬ ঘ.