ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষা চলাকালে রাজধানীসহ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ফয়সাল ফারুক অভিক বিদ্যুৎ সমস্যা সমাধানে তিন দফা দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা সহজে সমাধানযোগ্য হলেও প্রকল্প নিংড়ে টাকা কামানোর ধান্ধায় অতীতের সরকারগুলোর মত এ সরকারও সমস্যাকে জিইয়ে রাখছে। বর্তমান বিদ্যুৎ সংকটের দায় মহজোট সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
অভিক বিদ্যুৎ সমস্যা সমাধানে দিনের বেলায় সচিবালয় ও বিলাস বহুল শপিং মলের এসি বন্ধ রাখা এবং বিদ্যুতের পরিমিত ব্যবহার মনিটরিংয়ের দাবি জানান।
এসব দাবি আদায়ে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন এবং জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ, ঢাকা মহানগর সভাপতি সিদ্ধার্থ ভৌমিক রাকেশ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০১৯ ঘ.
bdnews24