ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে ১৩ জন চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যা মোট দূতের সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম জানতে চেয়েছিলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কতজন কূটনীতিক ও কতজন রাজনীতিক।
এর উত্তর সরাসরি না দিয়ে দীপু মনি জানান, বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মধ্যে ২৬ জন বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের কর্মকর্তা, তিনজন সশস্ত্র বাহিনী থেকে প্রেষণে নিয়োজিত এবং চুক্তির ভিত্তিতে নিযুক্ত রয়েছেন ১৩।
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাঁচজন অবসরপ্রাপ্ত কূটনীতিক বলে মন্ত্রী জানান।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে নিযুক্ত রয়েছেন- আহমেদ তারিক করিম ভারতে, একেএম সামছুদ্দিন কেনিয়া, আকরামুল কাদের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, আশরাফ-উদ-দৌলা জাপানে, মুহম্মদ কামালউদ্দিন ইরাকে, মুন্সী ফয়েজ আহমদ চীনে এবং মো. সাইফুল আমিন খান স্পেনের মাদ্রিদে।
এছাড়া 'বিশেষ যোগ্যতাসম্পন্ন' ব্যক্তি হিসেবে ড. এম সাইদুর রহমান খান যুক্তরাজ্যে, সৈয়দ সাহেদ রেজা কুয়েতে, ড. একে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মিশনে, ড. এসএম সাইফুল হক রাশিয়ায়, ড. নিমচন্দ্র ভৌমিক নেপালে এবং অধ্যাপক সেলিনা মহসীন মালদ্বীপে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে নিয়োজিত রয়েছেন।
সশস্ত্র বাহিনী থেকে প্রেষণে আছেন অস্ট্রেলিয়ায় লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, মিয়ানমারে মেজর জেনারেল অনুপ কুমার চাকমা এবং লিবিয়ায় রিয়ার এডমিরাল মুস্তাফিজুর রহমান।
পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসাবে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন কানাডা, ব্র"নাই, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ফ্রান্স, গ্রিস, বেলজিয়াম, জর্ডান, সৌদি আরব, সুইডেন, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড, উজবেকিস্তান, ইতালি, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ভুটান ও ইরানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এমআই/১৮২৫ ঘ.
bdnews24