২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা নির্বাচনে 'ঝামেলার' আশঙ্কা করছে না ইসি

ভোলা নির্বাচনে কোনো 'ঝামেলার' আশঙ্কা করছে না নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য বিএনপি দাবি জানালেও সেনা মোতায়েন করার পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 10:05 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা নির্বাচনে কোনো 'ঝামেলার' আশঙ্কা করছে না নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য বিএনপি দাবি জানালেও সেনা মোতায়েন করার পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তবে ২১ এপ্রিল থেকে র‌্যাব ও এপিবিএন এর সমন্বয়ে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স ওই নির্বাচনী এলাকায় থাকবে বলে রোববার নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। বিএনপি'র প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছেন। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে নুরুন্নবী চৌধুরী শাওনকে। রোববার নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে সিইসি এটিএম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন (ইসি) সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ প্রতিনিধি, ভোলা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে। "২১ থেকে ২৫ এপ্রিল স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স এবং ২৩ থেকে ২৫ এপ্রিল ভোট কেন্দ্রে অস্ত্রসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।" এক প্রশ্নের জবাবে সোবহান সিকদার জানান, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রে সাব ইন্সপেক্টরের নেতৃত্বে অস্ত্র ও লাঠিসহ ২৪ জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। নির্বাচনের দিন আইন ও বিধি অনুসারে সংক্ষিপ্ত বিচার কাজে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট গঠন করা হবে। ২ লাখ ২৩ হাজার ৯২৬ জন ভোটার অধ্যুষিত তজুমদ্দিন ও লালমোহন উপজেলা নিয়ে ওই নির্বাচনী আসনে ৮৬টি ভোট কেন্দ্র রয়েছে। সেনা মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, "স্থানীয় পর্যায়ের রিপোর্ট অনুযায়ী নির্বাচনে কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই। তাই এখনো সেনা মোতায়েন করার কথা ভাবিনি।" ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে সিইসি বলেন, "নির্বাচন কমিশনাররা ভোলা গিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্বাচন করবেন। সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনা করা হবে"। ইসির পরিপত্রে বলা হয়, নবম সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনী, বিডিআর, কোস্টগার্ড, র‌্যাব ও আর্মড পুলিশ নিয়োগ করা হয়। পরে ৬টি শূন্য আসনের উপ-নির্বাচনে শুধু র‌্যাব-আর্মড পুলিশ মোতায়েন করা হয়। এবার ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত র‌্যাব ও আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন করা হবে। পুলিশের একাধিক টহল দলও নিয়োজিত থাকবে। সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা একই পদমর্যাদার কোনো ব্যক্তি যেন নির্বাচনী প্রচারে অংশ না নেয়- সে বিষয়ে নির্দেশনা দিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/সিআর/এমআই/১৫৫৫ ঘ.