২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পানি সঙ্কট কাটার আশা দিলেন মন্ত্রী

ঢাকা মহানগরীর পানি সঙ্কট নিরসনে যমুনার পানি এ বছরই বুড়িগঙ্গায় আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 09:56 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর পানি সঙ্কট নিরসনে যমুনার পানি এ বছরই বুড়িগঙ্গায় আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। রোববার রাজধানীর মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের এক সেমিনারে তিনি সাংবাদিকদের বলেন, যমুনা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত খনন করে এ বছরই বুড়িগঙ্গা নদীতে পানি আনার ব্যবস্থা করা হবে। "এজন্য কাতার থেকে আটটি এবং ভারত থেকে নয়টি ড্রেজার আনা হচ্ছে। ড্রেজারগুলো দিয়ে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় নদী খননের মাধ্যমে বুড়িগঙ্গায় পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে", বলেন মন্ত্রী। রাজধানীর বিভিন্ন এলাকায় বর্তমানের পানির সঙ্কট চলছে। ওয়াসা কর্তৃপক্ষ এ জন্য বিদ্যুৎ সমস্যাকেই দায়ী করছেন। রমেশ চন্দ্রও পানি সমস্যার অন্যতম কারণ হিসেবে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, "বিগত সরকারের সাত বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন হয়নি। শুধু খুঁটি বসিয়ে ২০/৫০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে।" বুড়িগঙ্গার নদীতে এখনও বর্জ্য ফেলার কথা মন্ত্রীকে জানানো হলে রমেশ বলেন, "বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলতে কলকারখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরেরও উদ্যোগ নেওয়া হয়েছে।" ঢাকা মহানগরীতে ওয়াসা গভীর নলকূপ বসানোর ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলে তিনি বলেন, "সারফেস ওয়াটার ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া প্রয়োজন। এর ফলে গ্রাউন্ড ওয়াটার পরিপূর্ণ হবে এবং সারফেস ওয়াটার ঠিক থাকবে পাশাপাশি উপরস্থ পানি জোগান দেওয়া সম্ভব হবে।" নদী গবেষণা ইনস্টিটিউট পানি উন্নয়ন বোর্ডের সভাকক্ষে 'নদী গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা' শীর্ষক এ সেমিনার আয়োজন করে। ইনস্টিটিউটের মহাপরিচালক আলতাফ হোসাইন বলেন, "নদী তীর ভাঙ্গা রোধে এবং নদীর নাব্যতা বৃদ্ধিতে ব্যান্ডিলিং এর কার্যকারিতা সম্পর্কে ইনস্টিটিউটে গবেষণা চলছে।" পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সমস্যা নিরসনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস। এতে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/সিআর/এমআই/১৫৪০ ঘ.