২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির পরিকল্পনায় ডিসিসি আছে, আপাতত বাদ ইউপি

আগামী মে মাসে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন করার পরিকল্পনা থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আপাতত ভাবছে না নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 09:30 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মে মাসে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন করার পরিকল্পনা থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আপাতত ভাবছে না নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার বলেন, "মে মাসে ডিসিসি নির্বাচন করার আগের পরিকল্পনায় আমরা আছি। তবে ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে বলতে পারছি না।" এর আগে সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন বারবার বলে এসেছেন, মে মাসে উপকূলীয় এলাকার জেলাগুলোয় প্রথমধাপে ইউপি নির্বাচন শুরু করবে। ইসির সম্মেলন কক্ষে এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান, সীমানা নির্ধারণ কাজের ফাঁকেই ডিসিসি নির্বাচন করতে চান তারা। এ লক্ষ্যে সিটি করর্পোরেশন বিধিমালা হাতে পেলেই ১৮ এপ্রিলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, "স্থানীয় সরকার (সিটি কর্পোরশেন) বিধিমালা প্রণয়নের বিষয়ে আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ১৫ এপ্রিলের মধ্যে বিধিমালা হাতে পেলে ১৬-১৮ এপ্রিলের দিকে তফসিল ঘোষণা করা হবে। সীমানা পুনর্নির্ধারণ চলতে থাকবে, নির্বাচনও হবে।" মে মাসের শেষ দিকে ডিসিসি নির্বাচন করতে চায় ইসি। ডিসিসি নির্বাচন পেছাতে পারে কিনা- জানতে চাইলে শামসুল হুদা বলেন, "এ ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র আমরা দেখছি না। নতুন কিছু কাজ করতেই বিলম্ব হচ্ছে। তবে সীমানা পুনর্নির্ধারণ ও বিধিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের বিলম্বের কারণে একটু পিছিয়ে গেছি আমরা।" স্থানীয় সরকারের আইন সংসদে পাস হওয়ার পর বিধিমালা নির্বাচন কমিশন করতে না পারায়ও এ বিলম্বেও কারণ বলে জানান সিইসি। মে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে কিনা- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, "এর আইনে কিছু সংশোধনী আনতে হবে। এজন্যে ইউপি নির্বাচন নিয়ে বলতে পারছি না।" দেশের চার সহস্রাধিক ইউপি'র মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নির্বাচন হচ্ছে না অনেক দিন। গত ফেব্র"য়ারি সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আদালতে এক রিটের পরিপ্রেক্ষিতে ইসি ডিসিসি'র সীমানা পুননির্ধারণে হাতে দেয়। সিইজিআইএস সংস্থার মাধ্যমে এ কাজ চলছে। ইউপি আইনেও একই বিধান থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে সংশোধনের কথা বলছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫০০ ঘ.