গাজীপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ-গ্যাস-পানির দাবিতে রোববার গাজীপুরে মানববন্ধন করেছে বিএনপি।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টঙ্গী থানা বিএনপি কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে দলের বিএনপি নেতা-কর্মী ছাড়াও দলের সমর্তকদেরও অংশ নিতে দেখা যায়।
মানববন্ধন শেষে টঙ্গী থানা বিএনপির সভাপতি শাহান শাহ আলমের সভাপতিত্বে সমাবেশ হয়।
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হাসান উদ্দিন সরকার সমাবেশে বলেন, "বর্তমান সরকার নির্বাচনী ওয়াদা পালনে ব্যর্থ হয়েছে। দেশে সামাজিক নিরাপত্তা, পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি নেই।"
বিএনপি নেতারা অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ-পানির সমস্যা সমাধানের দাবি জানান।
বর্তমানে দেশে দৈনিক প্রায় ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন গড়ে ৪ হাজার মেগাওয়াট। এজন্য লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
এর মধ্যে বোরোর সেচপাম্পগুলো সচল রাখতে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর কারণে শহরে লোডশেডিং বেড়েছে। চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় পানি উত্তোলনও ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24