ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও অনুমোদনের ক্ষেত্রে কোনো আইনভঙ্গ হয়নি বলে সর্বোচ্চ আদালতের স্বীকৃতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার আপিল রোববার খারিজ হয়েছে।
আপিল বিভাগের এ রায় উচ্চ আদালতে বিচারাধীন পাঁচ শতাধিক দুর্নীতি মামলা নিষ্পত্তিতে সহায়ক হবে বলে জানিয়েছেন কমিশনের আইনজীবী খুরশিদ আলম।
প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাবিবুরের আপিল খারিজের আদেশ দেয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্য অনেক রাজনীতিকদের মতো ঢাকার সংসদ সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক।
এ মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাবিবুর রিট আবেদন করলে ২০০৮ সালের ২০ নভেম্বর হাইকোর্ট রায়ে বলে, দুর্নীতির মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও অনুমোদনের ক্ষেত্রে দুদক কোনো আইন ভঙ্গ করেনি।
এ রায়ের বিরুদ্ধে হাবিবুর ২০০৯ সালের ২৫ জানুয়ারি আপিলের আবেদন করলে তা গ্রহণ করেন আপিল বিভাগ। শুনানি শেষে রোববার রায় হলো।
রায়ের পর দুদকের কৌঁসুলি খুরশিদ সাংবাদিকদের বলেন, "হাবিবুর রহমান মোল্লার আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায় বহাল রইলো। হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা চলবে।"
মামলাটি বর্তমানে বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
দুদকের কৌঁসুলি বলেন, "এটা একটা মাইলফলক রায়, যা দুদকের পাঁচ শতাধিক মামলার নিষ্পত্তির ক্ষেত্রে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে।"
শুনানিতে হাবিবুরের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক।
২০০৭ সালের ৩ অক্টোবর হাবিবুরের বিরুদ্ধে রমনা থানায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। তার বিরুদ্ধে প্রায় ২ কোটি ৩২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মামলাটি বাতিলের আবেদনের পর ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছিলো এবং মামলা দায়ের, তদন্ত ও অনমোদন দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। রুলের ওপর শুনানি করে হাইকোর্ট দু'দিন ধরে রায় দেয়।
দুর্নীতির মামলা তদন্তের সময়সীমার বিষয়ে হাইকোর্টের রায়ে বলা হয়, দুদক আইনের ১০ ধারায় ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রয়েছে। তবে এ বিধান বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24