২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত

আধিপত্য বিস্তারকে কিশোরগঞ্জের কিশোরগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 10:23 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কিশোরগঞ্জের কিশোরগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে আশুতিয়াপাড়া ও চরপাড়া গ্রামের হাজার খানেক লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক মিয়া সাংবাদিকদের জানান। পুলিশ লাঠিপেটা করে এবং রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয়রা জানায়। ঘণ্টা খানেকের সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। আহতদের সবার পরিচয় পাওয়া যায়নি। তবে এর মধ্যে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফর আলী রয়েছেন বলে পুলিশ জানায়। তিনিও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানায়, অনুমোদনহীভাবে গড়ে ওঠা একটি মাইক্রোবাস স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে কয়েকদিন ধরে ছোটখাটো সংঘাত বাঁধলে তা নিয়ে শুক্রবার রাতে সালিশ বসে। সেখানে সংঘর্ষ বাঁধলে আহত হয় কয়েকজন। এর জের ধরে সকালে দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় বলে ওসি জানান। তিনি বলেন, সংঘর্ষ থামাতে পাশের তাড়াইল থানা ও জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ আনতে হয়। পুলিশ কর্মকর্তা এমদাদ শনিবার দুপুরের পর সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় মামলা হয়নি বলে জানান তিনি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। সংঘর্ষে জড়িত কাউকে দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৫ ঘ.