২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

চাঁদপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 06:54 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

চাঁদপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। আহত আবুল কাশেম (৫৬) চাঁদপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলা সদরে আলিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় কাশেমের ওপর হামলা হয়। তিনি ফরিদগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। কাশেমের আত্মীয় মো. ফোরকান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীরা মৃত ভেবে কাশেমকে ফেলে যায়। এক পথচারী তাকে দেখে খবর দিলে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই।" পরে কাশেমকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শনিবার ভোররাতে তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থান্তর করা হয়। কাশেম হামলাকারী হিসেবে লিটন, কামাল ও সবুজসহ বেশ ক'জনের নাম জানিয়েছে বলে দাবি করেন ফোরকান। এরা ছাত্রলীগের সাবেক কর্মী বলে স্থানীয়রা জানায়। ফোরকান বলেন, "কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে। তার দুই চোখ উপড়ে ফেলারও চেষ্টা চালানো হয়।" বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাঁদপুর জেলা সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর চাঁদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, কাশেম শরীরের বিভিন্ন স্থান ছাড়াও ডান চোখে আঘাত পেয়েছেন। কাশেমের ওপর হামলায় ছাত্রলীগকর্মীর সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিতভাবে জানি না। তবে তারা সন্ত্রাসী, আর সন্ত্রাসী কখনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী হতে পারে না।" ফরিদগঞ্জ উপজেলায় ঠিকাদারি নিয়ন্ত্রণ নিয়ে কাশেমের ওপর এ হামলা চালানো হতে পারে বলে অনেকে মনে করছেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি রঞ্জিত কুমার পালিত শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সব বিষয়ই খতিয়ে দেখছে। অপরাধীদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪০ ঘ.