রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার হওয়া এক কর্মী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের (মার্কেটিং বিভাগ) কাওসার হোসেন বাংলা বিভাগের তৃতীয়বর্ষের ওই ছাত্রীকে মারধর করেন।
এর আগে এই ছাত্রীকে মারধর করায় প্রক্টরের কাছ থেকে মুচলেকা নিয়ে ছাড় পান কাওসার। সে সময় তাকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রীর বান্ধবীরা সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিকশায় করে তাপসী রাবেয়া হলে ফিরছিলেন তিনি। হলের সামনে আসার পর কাওসার রিকশা থেকে নামিয়ে তাকে চড়-থাপ্পর মেরে মাটিতে ফেলে দেন।
এসময় অন্য ছাত্রীরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে কাওসার তাদের ওপরও চড়াও হন। পরে হলের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে।
তারা আরো জানান, ৩-৪ মাস আগে কাওসার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় সে সময়ও তাকে মারধর করেন কাওসার।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. চৌধুরী মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, এ বিষয়ে শুক্রবার বিকেল পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ঘটনার নিন্দা এবং কাওসারের শাস্তি দাবি করে বলেন, এর আগে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছিল।
ছাত্রলীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24