ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অপরাধ প্রবণতা রোধে প্রায় সাড়ে ১৩ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি জানান, পুলিশ বাহিনীতে পর্যায়ক্রমে ৩২ হাজার ৩১ জনকে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের প্রথম পর্যায়ে উল্লেখিতদের নেওয়া হচ্ছে।
এছাড়া তিন হাজার ২৩ জন শিল্পাঞ্চল পুলিশ নিয়োগের প্রক্রিয়াও চলছে বলে জানান মন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিকাল সোয়া ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এসময় তিনি প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে বিভিন্ন পদবির ৩২ হাজার ৩১ জন জনবল বাড়ানোর নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রী দিয়েছেন।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধীদের সনাক্ত করতে অত্যাধুনিক সুবিধাসহ ডিএনএ গবেষণাগার স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
রংপুর-১ আসনের হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মহনগরে অপরাধ দমনে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনের লক্ষ্যে রাজধানীর ৫৯টি স্থানে ১৫৫টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।
বিএনপির সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে সাহারা জানান, সীমান্ত এলাকায় ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদব্যের অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
"বিডিআরের নিজস্ব গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে পাশের দেশের ফেনসিডিল তৈরির কারখানার অবস্থান চিহ্নিত করা হয়েছে," জানিয়ে মন্ত্রী বলেন, "এসব বিষয় নিয়ন্ত্রণে বাংলাদেশ-ভারত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নোডাল এজেন্সির মহাপরিচালক পর্যায়ে বৈঠক হয়েছে।"
নয়টি দুতাবাসে হাইকমিশনার নেই
সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মধ্যে নয়টি হাই কমিশনার ও রাষ্ট্রদূতের পদ খালি রয়েছে।
নাইরোবী, ইসলামাবাদ, জাকার্র্তা, আংকারা, কায়রো, মাস্কাট, বার্লিন, ব্যাংকক ও ত্রিপোলীতে নয়টি পদ খালি বলে জানান তিনি।
"এর মধ্যে চারটিতে শিগগিরই নতুন রাষ্ট্রদুত নিয়োগ দেওয়া হবে।"
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের ১২টি মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ১০ হাজার ৮৮৫ জন শান্তিরক্ষা কাজে নিয়োজিত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৭ ঘ.
bdnews24