ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- ভোলা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে সেখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে আবার সংশয় প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
নির্বাচন কমিশন সাড়া না দিলেও ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি আবার জানিয়েছে তারা।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "সরকারি দলের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিষ্টি বিতরণ, মিছিলসহ নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করছে।"
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে জানিয়ে দেলোয়ার বলেন, নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানোর পরও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
"এর ফলে সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, তা নিয়ে আমাদের মনে সংশয় সৃষ্টি হয়েছে", বলেন বিএনপি মহাসচিব।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুউদ্দিন) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই আসনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ রাখতে দুই উপজেলার বাইরের কর্মকর্তাদের প্রিজাইডিং ও পোলিং অফিসার করার আহ্বান জানান দেলোয়ার।
তিনি বলেন, "আমাদের প্রার্থী ইতিমধ্যে এ বিষয়ে আপত্তি জানিয়েছে। নির্বাচনী বিধিতেও আছে, প্রার্থী আপত্তি জানালে অন্য এলাকা থেকে ওইসব কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে।"
সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সেখানে বিএনপি প্রার্থী জয়ী হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে সরকার আমাদের মধ্যবর্তী নির্বাচনের দাবির সত্যতা দেখতে পারে।
পুরান ঢাকার আরমানিটোলায় নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সহ দপ্তর সম্পাদক আরশাদুল করিম শাহিন, শামীমুর রহমান শামীম প্রমুখ।
ভোলা-৩ এ নবম সংসদ নির্বাচনে হাফিজকে হারিয়ে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের মো. জসিমউদ্দিন। কিন্তু অবসর সংক্রান্ত বিধি ভঙ্গ করায় তার প্রার্থিতা বাতিল করে ইসি। ফলে সেখানে আবার নির্বাচন হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24