ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের বিভিন্ন নেতার অভিযোগের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে নয়, আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হচ্ছে।
বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আইনমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "কেউ কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার করা হচ্ছে, এটা ঠিক নয়।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বুধবার বলেছিলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে যুদ্ধাপরাধের বিচার করতে চাইছে।
বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তেমনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীও আওয়ামী লীগ সরকারের এ উদ্যোগের সমালোচনা করে আসছে।
আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছে- বিএনপির কয়েকজন নেতার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শফিক বলেন, "কে আপরাধী তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত সংস্থার। এ বিষয়ে অন্য কারো মন্তব্য করা সমীচীন হবে না।"
গঠিত ট্রাইব্যুনালের বিষয়ে মন্ত্রী বলেন, "বিচারের জন্য যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা খুবই দক্ষ। দীর্ঘদিন বিচার কাজের সঙ্গে জড়িত তারা। সুতরাং এ বিচার নিয়ে সন্দেহ প্রকাশের কোনো সুযোগ নেই। আইনের শাসন মেনেই এটা করা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই করা হচ্ছে।"
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।
মন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়। এ বিচারে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে।"
জাতিসংঘ এ বিচার পর্যবেক্ষণ করবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "জাতিসংঘ চাইলে পর্যবেক্ষক পাঠাতেই পারে। এ জন্যই আমরা বিচারের স্থানে সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বসার স্থান রেখেছি।"
রেনেটা লক ডেসালিয়েন সাংবাদিকদের বলেন, "আমরা চাই এ বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪০০ ঘ.
bdnews24