ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ শিক্ষার্থী, এ সংখ্যা গত বছরের চেয়ে ১ লাখ ১৪ হাজার ১৪৯ জন বেশি।
বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়। বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়, এ পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন অংশ নিচ্ছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ৫৪০ জন। এদের মধ্যে ছাত্র ৩ লাখ ৭ হাজার ৩০ জন, ছাত্রী ২ লাখ ৮০ হাজার ৫১০ জন। মাদ্রাসা বোর্ডে আলিমে পরীক্ষার্থী ৭৪ হাজার ৪১৩ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ৭৪ হাজার ৪২০ জন।
ঢাকা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ১৯৭ জন। রাজশাহী বোর্ডে ৮৩ হাজার ৭১৫ জন। কুমিল্লা বোর্ডে ৫৪ হাজার ৫২৫ জন। যশোর বোর্ডে ৮০ হাজার ৮০ জন। চট্টগ্রাম বোর্ডে ৪৩ হাজার ২৫৬ জন। বরিশাল বোর্ডে ৩৫ হাজার ৬৫৬ জন। সিলেট বোর্ডে ২০ হাজার ১২৫ জন। দিনাজপুর বোর্ডে ৭৩ হাজার ৯৮৬ জন।
বিদেশে জেদ্দা, রিয়াদ, কাতার, আবুধাবি এবং ত্রিপলিতে পাঁচটি কেন্দ্রে ১৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
নকলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী ইতিপূর্বে বলেন, নকলের সঙ্গে কোনো শিক্ষক সংশ্লিষ্ট থাকলে তাকে চাকরিচ্যুত করা হবে।
পরীক্ষা কেন্দ্র নকলমুক্ত রাখতে তিনি শিক্ষক, পরীক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24