ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী তীরের উদ্ধার করা ভূমি সংরক্ষণে প্রয়োজনীয় টাকা পাওয়ার পর চার জেলায় উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে মন্ত্রী নদীর নাব্য রক্ষা সংক্রান্ত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের সভায় সভাপতিত্ব করেন।
অর্থ মন্ত্রণালয় মুন্সীগঞ্জে উচ্ছেদ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় টাকা ছাড় করেছে বলে জানান শাজাহান খান।
তিনি জানান, এখনো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে উচ্ছেদে প্রয়োজনীয় ছাড় করেনি মন্ত্রণালয়।
মুন্সীগঞ্জের উচ্ছেদ কার্যক্রম প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, "এপ্রিল মাসের মধ্যেই দরপত্র ডেকে খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন করা গেলে এপ্রিলের শেষ দিকে নদী দখলমুক্ত করা শুরু হবে।"
"নির্দিষ্ট সময়ের মধ্যেই এ কাজ শেষ হবে," জানান তিনি।
তিনি জানান, নদী তীর উদ্ধার ও তা রক্ষায় সীমানা পিলার স্থাপন, উদ্ধার করা জায়গায় হাঁটাপথ নির্মাণ এবং বনায়নের টাকা পাওয়া যায়নি। এ কারণে সরকার নদী দখলমুক্ত করার কাজে কিছুটা গতি কমিয়ে দিয়েছে।
পিলার তৈরির পর এপ্রিলের শেষ দিকে সরকার আবারো বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীর তীর দখলমুক্ত ও উদ্ধারে অভিযান শুরু করবে বলে জানান শাজাহান খান।
বুড়িগঙ্গা নদী থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, "এ কাজটিও ধীর গতিতে চলছে।
"তবে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বুড়িগঙ্গায় নতুন বর্জ্য না ফেলার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে।"
নতুন বর্জ্য না পড়লে আগামী বর্ষা মৌসুমের পানিতে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা সম্ভব হবে বলে জানান নৌমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান বর্জ্য অপসারণ কার্যক্রমও অব্যাহত থাকবে। নতুন এসক্যাবেটর (ময়লা তোলার যন্ত্র) কেনার প্রস্তুতি চলছে। এজন্য ২২ কোটি ৩০ লাখ টাকার বরাদ্দও ইতোমধ্যেই বরাদ্দ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২২২ ঘ.
bdnews24