চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন নেতারা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডর আর ইউ আহমদের মাধ্যমে এ স্মারকলিপি দেন।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ ও ডরমিটরি চালু।
এ সব দাবিতে শ্রমিক ফেডারেশন ২৮ মার্চ আট ঘণ্টার কর্মবিরতি পালন করে। সেদিন সমাবেশে আগামী ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পুনরায় কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর ভবনের সামনে সমাবেশের পর আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
বিভিন্ন সময়ে চাকরি হারানো ২ হাজার ৭০০ শ্রমিককে চাকরি দিতে চলতি বছরের জানুয়ারিতে নির্বাচিত করে বন্দর কর্তৃপক্ষ।
শ্রমিক-কর্মচারী ফেডারেশন অবিলম্বে সে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২০ ঘ.
bdnews24