চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী বাসও চলাচল করছে না বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করীম শেলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে রাজশাহী বাস টার্মিনালে চাঁপাইনবাবগঞ্জের এক পরিবহন শ্রমিককে মারধর করে রাজশাহীর কিছু শ্রমিক। এর জেরে চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনালেও কয়েকজন শ্রমিক রাজশাহীর দুইজন শ্রমিককে মারধর করে।
এ খবর রাজশাহীর শ্রমিকরা পাওয়ার পর রাতেই চাঁপাইনবাবগঞ্জের ৮/৯ জন পরিবহন শ্রমিককে রাজশাহী টার্মিনালে মারধর করে এবং চারটি মিনিবাস আটকে রাখে।
এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকরা সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু জানান, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ওই রুটে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কেএম আলী আজম বিকাল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিক ও মালিকরা তার সঙ্গে দেখা করে বিষয়টার সুরাহা করার কথা বলেন। তিনি বিষয়টা নিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১০০৮ ঘ.
bdnews24