কুষ্টিয়া, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিনিধি সভার একদিন আগে কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে জেলা শহরের এনএস সড়কে বিএনপি কার্যালয়ের সমানে ওই সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়।
কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, "বিএনপির দুই পক্ষে সংঘর্ষ বাঁধলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।"
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম স্বপন নামে একজনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
বৃহস্পতিবার কুষ্টিয়ায় বিএনপির বৃহত্তর কুষ্টিয়ার প্রতিনিধি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির (আলো-শামীম গ্র"প) একাংশের নেতা-কর্মীরা কোর্ট স্টেশনের পাশ থেকে মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কার্যালয়ের ভেতর অবস্থারনত অপর অংশের (মেহেদী-সোহরাব) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট ছোড়াছুড়ি হয় বলে জানায় স্থানীয়রা।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা ও কুষ্টিয়ার পৌর মেয়র আনছার উদ্দিন শামীম, মিনহাজুর রহমান আলো, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাতিল মাহমুদ প্রমুখ।
আহতদের মধ্যে সদর থানার কনস্টেবল আশরাফুল ইসলামও রয়েছেন।
দুপুরের পর আলো-শামীম গ্র"প কোর্ট স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। তারা ঘটনার জন্য জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমদ রুমীকে দায়ী করেন।
তবে এ বিষয়ে মেহেদী আহমদ রুমীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24