ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলাবাগানে বান্ধবী ও তার বাবা-মাকে ছুরি মেরে জখম করার তিনদিন পর মঙ্গলবার আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গাজীপুর জেলার কালীগঞ্জে তার মামার শ্বশুরের বাড়ি থেকে মঙ্গলবার ভোরে আশরাফকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আশরাফ ডেফোডিল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
কলাবাগানের একটি বাসায় ২৭ মার্চ ভোরে তিনি ছুরি মেরে সহপাঠী ফৌজিয়া ফারিয়া বর্ষা (২২) এবং তার বাবা আমিনুর রহমান (৫৮) ও মা রোকসানা মমতাজকে (৫৫) আহত করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে কালীগঞ্জের ধনপুরের এক আত্মীয়ের বাসা থেকে আশরাফকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।"
আশরাফের চাচা মজিবুর রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে কালীগঞ্জের ধনপুরে আশরাফের মামার শ্বশুরবাড়ি থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে বলে আমরা শুনেছি। তার মামার শ্বশুরকেও পুলিশ আটক করেছে।"
মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশরাফ ডিবি পুলিশের কাছে আছে। তাকে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
মজিবুর রহমান জানান, গত ঈদ-উল-আযহার পরদিন আশরাফকে ইংল্যান্ডে পড়াশোনা করতে পাঠানো হয়।
সে যে দেশে এসেছে এটা তারা প্রথম পুলিশের কাছ থেকে জানতে পেরেছেন বলে জানান তিনি।
ঘটনার পর থেকেই পুরো বিষয়টি নিয়ে আহতদের পরিবার ও পুলিশের বক্তব্যে রহস্য সৃষ্টি হয়। কেন বা কী কারণে একটি পরিবারকে আটকে রেখে এ ঘটনা ঘটানো হয় তা স্পষ্ট করে কেউ বলতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/০০০৯ ঘ.
bdnews24