চট্টগ্রাম, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিহত ছাত্র হারুনুর রশিদ কায়সারকে নিজেদের কর্মী দাবি করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার বিকালে নগরীর চকবাজার একটি হোটেলে সংবাদ সম্মেলন এ দাবি জানায় ছাত্রশিবির।
দাবির পক্ষে হারুনুর রশিদের ব্যক্তিগত ডায়েরি, শিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডের রেকর্ড সম্বলিত প্রতিবেদন ও চাঁদা আদায়ের রশিদ উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে।
সোমবার সকালে হাটহাজারী থানার খিল্লাপাড়া লেভেল ক্রসিং এলাকা থেকে তার কায়সারের লাশ উদ্ধার করে পুলিশ।
চবি ছাত্রশিবিরের সভাপতি শামসুদ্দিন আহমেদ তার লিখিত বক্তব্যে দাবি করেন, কায়সার ছাত্রশিবির বাণিজ্য অনুষদ শাখার মার্কেটিং বিভাগ উপ-শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক।
তাকে রোববার রাত সাড়ে আটটায় ক্যাম্পাসগামী শাটল ট্রেনে জবাই করে হত্যা করে তার লাশ চৌধুরীহাট স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে দাবি করেন শামসুদ্দিন।
সম্মেলনে ছাত্রশিবির কায়সার হত্যাকারীদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি ও তিন দিনের কর্মসূচির ঘোষণা দেয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৩১ মার্চ উপাচার্যকে স্বারকলিপি, ১ এপ্রিল চট্টগ্রাম মহানগরী ও জেলা সদরে মানববন্ধন ও ২ এপ্রিল আলোচনা সভা।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের মহানগর শাখার সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, চবি শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা শাকের উল্লাহ, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন ফয়সালসহ মহানগর ও থানার শিবির নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/২২০৫ ঘ.
bdnews24