ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাকাশ, জ্যোতির্বিজ্ঞানে শিক্ষার্থীদের উৎসাহী করার প্রয়াসে আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে 'বিডিনিউজ অ্যাস্ট্রো অলিম্পিয়াড-২০১০'।
১৪ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতাটি হবে ঢাকাসহ সাতটি বিভাগে। বিভাগীয় প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ৯ এপ্রিল হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মশহুরুল আমিন জানান, বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতা সেন্ট প্ল্যাসিড স্কুলে, রাজশাহী বিভাগের রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট), খুলনার প্রতিযোগিতা খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট), বরিশালের বিভাগের বরিশাল অমৃত দে কলেজে. সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এবং রংপুরে বিভাগের প্রতিযোগিতা হবে গাইবান্ধা সরকারি কলেজে এবং
ঢাকা বিভাগের প্রতিযোগিতা হবে সেন্ট যোসেফ স্কুলে।
৬ টি বিভাগের সকাল ৮টায় এই প্রতিযোগিতা হবে। তবে ঢাকা বিভাগের প্রতিযোগিতা হবে ৩ এপ্রিল সকাল ৮টায়।
প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধনে কোনো ফি লাগবে না। তবে বয়সের সনদপত্র লাগবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় ৩/৪ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।
২০০৭ সাল থেকে অ্যাস্ট্রোঅলিম্পিয়াড হচ্ছে। এবার এর পঞ্চম আয়োজনে সহযোগিতা করছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় আর্ন্তজাতিক অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ আন্তর্জাতিক এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মাসুদুল হাসান জাহেদি ও সাহেদ আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪০ ঘ.
bdnews24