ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে জাতীয় সংসদে তাদের জন্য ১৫টি আসন সংরক্ষণের দাবি জানিয়েছে ন্যাডপো।
সোমবার পল্টন ময়দানে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন্সের (ন্যাডপো) সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সাত দফা ঘোষণাপত্র পড়েন ন্যাডপো সভাপতি আব্দুস সাত্তার।
স্বাগত বক্তব্যে ন্যাডপোর মহাসচিব জাহাঙ্গীর আলম বলেন, "সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।"
সাত দফা দাবির মধ্যে রয়েছে সরকারি আবাসন প্রকল্পসহ ভূমিহীনদের মধ্যে খাস জমি বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীদারিত্ব নিশ্চিত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ সংসদে গ্রহণ করা যাতে দেশের প্রচলিত আইন ও অন্যান্য ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়, প্রতিবন্ধী বিষয়ক সমন্বয় মন্ত্রণালয় সৃষ্টি করে প্রতিবন্ধী প্রতিনিধিকে এ মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ দেওয়া, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নিবন্ধন, নিয়ন্ত্রন ও বিদেশি অনুদান নেওয়া নিয়ম সহজ করা, রাজনৈতিক দলগুলোতে প্রতিবন্ধী বিষয়ক পদ সৃষ্টি করে তাতে প্রতিবন্ধী প্রতিনিধি নির্বাচন।
প্রতি চার বছর পরপর এ জাতীয় সমাবেশ করা হবে বলে জানান জাহাঙ্গীর।
'প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক অধিকার' বিষয়ে বক্তব্যে ন্যাডপোর সমন্বয়কারী শিরীন আক্তার বলেন, ৭৫-৮০ লাখ প্রতিবন্ধী নারী রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। তাদের জন্য রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট কর্মকাণ্ড থাকতে হবে।
জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের মধ্যে পাঁচটি প্রতিবন্ধী নারীদের জন্য রাখার দাবি জানান তিনি।
৬৪ জেলার প্রায় আট হাজার প্রতিবন্ধী ব্যক্তি এ সমাবেশে অংশগ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৪২ ঘ.
bdnews24