২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা উপ-নির্বাচনে চার মনোনয়নপত্র জমা

জাতীয় সংসদের ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপ-নির্বাচনে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 01:31 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ভোলা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপ-নির্বাচনে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। এ চারজন হলেন- বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের জসিম উদ্দিন ও নুরন্নবী চৌধুরী এবং স্বতন্ত্র মো. ফারুক ফরাজী। দুপুরে লালমোহন উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন হাফিজ উদ্দিন আহমেদ ও জসিম উদ্দিন। বিকালে তজুমদ্দিনে আরেক সহকারী রিটার্নিং কর্মকর্তা মোশাররফ হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন অপর দুই প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মো. নূরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে লালমোহনে দুজন এবং তজুমদ্দিনে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩১ মার্চ। প্রত্যাহার করা যাবে ৮ এপ্রিলের মধ্যে। আগামী ২৪ এপ্রিল ভোটগ্রহণ হবে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার দুই লাখ ৩৪ হাজার ৯২৬। ভোট কেন্দ্র ৮৬টি। নবম সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী জসিম উদ্দিন। মনোনয়নপত্রে ভুল তথ্য দেওয়ার কারণে আদালত তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩০ ঘ.