নওগাঁ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ ও লুটপাটের অভিযোগে দুজনের বিরুদ্ধে নওগাঁর একটি আদালতে মামলা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন নওগাঁ পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম লতিফ।
হাকিম আকতারুল আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নওগাঁ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- সদর উপজেলার বলির ঘাট গ্রামের আব্দুর রউফ কাজী (৭১) ও লতিফ কাজী (৬১)। অজ্ঞাতনামা আরো কয়েকজনকেও মামলার আসামি করা হয়েছে।
বাদি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবা শহীদ আকতার হোসেন ওরফে আয়চাঁদসহ ৭০-৭২ জন নিরীহ মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় তখনকার পাকিস্তানি হানাদারদের সহযোগী শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুর রউফ কাজী ও লতিফ কাজীসহ তাদের সহযোগীরা।
১৯৭১ সালের ২৫ এপ্রিল সকালে তাদের সদর উপজেলার দোগাছী গ্রামে ৫৩ জনকে হানাদার বাহিনী গুলি করে হত্যা করে। এদের মধ্যে বাদির বাবা আয়চাঁদও ছিলেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশের কাগজ এখনো হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24