২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জোড়া খুন: রুবেল-মিথুন দুদিনের রিমান্ডে

গুলশানে জোড়া খুনের মামলার মূল আসামি মো. রুবেল, মিথুন চন্দ্র দাস এবং রুবেলের ভগ্নিপতি মহিউদ্দিন রাব্বীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 11:26 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে জোড়া খুনের মামলার মূল আসামি মো. রুবেল, মিথুন চন্দ্র দাস এবং রুবেলের ভগ্নিপতি মহিউদ্দিন রাব্বীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম রোকসানা বেগম হেপী তাদের জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন। হেফাজতে নেওয়ার এ আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপরিদর্শক খন্দকার এখলাসুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চান। আবেদনে বলা হয়, রুবেলের গুলিতেই নিহত হন তার প্রেমিকা ইতির বাবা সাদিকুর রহমান ও মা রুমানা নার্গিস। মিথুন এ সময় তার সঙ্গে ছিলো। তাদের সহযোগী এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ জরুরি। হেফাজত আবেদনের শুনানির সময় তাদের পক্ষে জামিনের কোনো আবেদন ছিল না। গত বুধবার গুলশানের কালাচাঁদপুরের বাসায় মেয়ের কথিত প্রেমিক রুবেল ও তার সঙ্গী মিথুনের গুলিতে ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিস নিহত হন বলে পুলিশ জানায়। এরপর রোববার ঝালকাঠি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি থেকে রুবেলের ভগ্নিপতি রাব্বীকেও গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেলোয়ার হোসেন দীপু ওরফে বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে শনিবার গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৭২২ ঘ.