নরসিংদী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবপুর উপজেলার পুটিয়া বাজার থেকে শনিবার রাতে পুলিশ এ গ্রেপ্তার অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু (৩৭), আতিকুর রহমান নিরন (৩৬) ও ইব্রাহিম (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি চাপাতি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাহিদ হাসান বলেন, ওই তিন ডাকাত একটি প্রাইভেট কারে বাজারে গিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী আটক করে। পরে পুলিশ গিয়ে ওই প্রাইভেট কার থেকে অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24