ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডাকা ৪৮ ঘণ্টার বাস, ট্রাক, অটো রিক্সা ও টেম্পু ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সচিবালয়ে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিতিতে সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় সভায় সমঝোতার প্রেক্ষিতে ফেডারেশন নেতারা এ ঘোষণা দেন।
সভায় শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রম পরিদপ্তরের পরিচালকের একজন প্রতিনিধিকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা কমিটিতে থাকবেন।
সভায় সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
কমিটি মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী ১৫ এপ্রিলের মধ্যে সমস্যার সমাধানে একটি সুপারিশ প্রণয়ন করে মন্ত্রণালয়ে জমা দেবে বলে জানান ফেডারেশনের সভাপতি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দেশের বাস, ট্রাক, অটো রিক্সা ও টেম্পুসহ বিভিন্ন পরিবহনের শ্রমিকদের মজুরি ও বেতন-ভাতা বৃদ্ধি ও রাস্তায় পুলিশি চাঁদাবাজি বন্ধের দাবিতে আগামীকাল সোমবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল।
সভায় নৌ-মন্ত্রী ছাড়াও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, শ্রম পরিদপ্তর, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সৈয়দ আবুল হোসেন বলেন, "আলোচনায় তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সরকার উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ১৫ এপ্রিলের মধ্যেই এ সমস্যার সমাধান করবে।"
নৌ-পরিবহন মন্ত্রী ও ফেডারেশনের সভাপতি শাজাহান খান জানান, শ্রমিকদের সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ এপ্রিলের মধ্যেই বসে সমস্যার সমাধান করবে।
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু জানান, এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ফেডারেশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯২৬ ঘ.
bdnews24