২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে দুই হাতে পেরেকবিদ্ধ লাশ

বরগুনা সদর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার দুই হাত গাছের সঙ্গে পেরেকবিদ্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 04:21 PM

Updated : 24 Aug 2022, 07:54 PM

বরগুনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা সদর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার দুই হাত গাছের সঙ্গে পেরেকবিদ্ধ ছিল। পুলিশ জানিয়েছে, লাশটি ৭৪ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সালাম হাওলাদারের (৪৫)। শুক্রবার রাতে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সালামের বাড়ি বেতাগী উপজেলার দক্ষিণ ভোড়া গ্রামে। তিনি ফাঁসি হওয়া খুলনার সন্ত্রাসী এরশাদ সিকদারের সহযোগী ছিলেন। ডাকাতি, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় একটি, বেতাগী থানায় ২টি ও বরগুনা সদর থানায় একটিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। খুলনায় কয়েকটি মামলায় তার ৭৪ বছর কারাদণ্ড হয়েছে বলে জানান বরগুনা থানার ওসি মো. বাবুল আখতার। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে সালাম তার পরিবার নিয়ে বারো ঘর গ্রামের রাঙ্গা দুলালের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১১ টার দিকে সহযোগিরা তাকে ডেকে নিয়ে যায়। শনিবার সকালে বরগুনা শহর থেকে ১০ মাইল উত্তরে গৌরীচন্না-ফুলঝুড়ি সড়কের সংযোগস্থলে অবস্থিত সুলতানা সালেহ টেকনিক্যাল কলেজের সামনের রাস্তায় একটি রেইনট্রি গাছে দুই হাতে পেরেক ঢুকিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় তার লাশ দেখে লোকজ পুলিশকে খবর দেয়। ওসি জানান, জেলা প্রশাসক স্বপন কুমার সরকার ও পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুব হাকিমের উপস্থিতিতে সালামের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.