নারায়ণগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে শুক্রবার রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোরে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিপুল যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও লোহা কাটার সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মমিন (২২), জাহাঙ্গীর আলম (২৮), আব্দুল জব্বার, ধীরেন্দ্রনাথ, আরিফ ও ট্রাকচালক সবুজ।
জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি-সদর সার্কেল) এম আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, গভীর রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি ট্রান্সফরমার চুরির সময় টহল পুলিশ ধাওয়া করে চালক সবুজকে ট্রাকসহ গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জ পুলিশ ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী কদমতলী এলাকায় দু'টি কারখানা থেকে ট্রান্সফরমারের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাববাদে বলেছেন, চক্রটি ট্রাক নিয়ে ট্রান্সফরমার চুরি করে। ট্রাকে থাকে কাঠের গুড়া। ট্রান্সফরমার যে খুঁটিতে থাকে তার পাশে ট্রাকটি রাখা হয়। পরে দ্রুত তারা ট্্রান্সফরমার খুলে ফেলে। এটি ট্রাকে রাখা কাঠের গুড়ার ওপর পড়লে কোনো শব্দ হয় না। আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে তারা কাজ শেষ করে।
গত কয়েক মাসে ফতুল্লায় প্রায় অর্ধশত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে বলে এএসপি জানান।
তিনি আরো বলেন, গ্রেপ্তর করা এই ছয়জন সংঘবদ্ধ ট্রান্সফরমার চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রান্সফরমার চুরি করে যন্ত্রাংশ খুলে বিক্রি করতো।
উদ্ধার হওয়া ২/৩ ট্রাক বৈদ্যুতিক ট্রান্সফরমার সরঞ্জামের মূল্য কয়েক কোটি টাকা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24