ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে গাড়িচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। অন্যদিকে রাজশাহীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র আহত হওয়ার পর স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গা উপজেলার পুলিয়া বজার এলাকায় শনিবার দুপুরে মাইক্রোবাসের চাপায় নিহত হয় স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপা গয়না (৮)।
মহাসড়ক পুলিশের ভাঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে একটি মাইক্রোবাস দীপাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
দীপা স্থানীয় ব্যবসায়ী মন্টু গয়নার মেয়ে।
পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে।
রাজশাহী প্রতিনিধি জানায়, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস শনিবার সকালে নওদাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র সুমনকে (১০) ধাক্কা দেয়।
আহত সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুমন রাজশাহী বিডিআর সেক্টরে কর্মরত জওয়ান শহীদুল ইসলামের ছেলে বলে পুলিশ জানায়।
সকাল ১০টার ওই দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তায় অবস্থান নিলে রাজশাহী-নওগাঁ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
শাহ মখদুম থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুললে সাড়ে ১১টায় ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.
bdnews24