ঝিনাইদহ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা অঞ্চলে সক্রিয় কথিত চরমপন্থী নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি প্রধান শৈলেন্দ্র নাথ মিস্ত্রীকে ভারতে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাকে বনগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানিয়েছেন বনগাঁ মহকুমা পুলিশ কর্মকর্তা সমরেন্দ্র দাস।
তিনি ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৈলেন নাম পাল্টে বনগাঁর বিরাটি এলাকায় বসবাস করছিলেন। প্রদীপ বিশ্বাস হিসেবে তিনি পরিচিত ছিলেন। এখানে থেকেই তিনি বাংলাদেশে চাঁদাবাজি করতেন।
শৈলেনের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া গ্রামে।
ডুমুরিয়া থানার ওসি আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে ১৪টি হত্যা, ৯টি অপহরণ ও অস্ত্র আইনে মামলাসহ ডুমুরিয়া থানায় ২৫টি মামলা রয়েছে।
তিনি জানান, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি প্রধান মনোরঞ্জন গোসাই ওরফে মৃণাল বেশ কয়েক বছর আগে ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যান। সেখানে নদীয়ার শান্তিপুরে বাসার সামনে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রতিদ্বন্দ্বী চরমপন্থী দলের লোকজনের হাতে খুন হন। সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা আলমগীরও ভারতে পালিয়ে থাকা অবস্থায় খুন হন।
এরপর শৈলেন পার্টির দায়িত্ব পান। এক পর্যায়ে তিনিও স্ত্রীসহ ভারতে পালিয়ে যান। সেখানে থেকেই সংগঠনের নেতৃত্ব দিতেন তিনি। তবে মাঝে মাঝে বাংলাদেশে আসতেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24