২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১

গাজীপুর সদর উপজেলার টঙ্গীর কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

গাজীপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার টঙ্গীর কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আসাদুজ্জামান ওরফে তুলা মিয়া (৩৮) উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকার মীর আক্তারুজ্জামানের ছেলে। র‌্যাব তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ভরা একটি পয়েন্ট ২২ বোর রিভলবার ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলে সাংবাদিকদের জানিয়েছেন টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মালেকা জানান, র‌্যাব-১ এর কয়েকজন সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। তবে গাড়িটি না থেমে কামারপাড়া সড়কের দিকে দ্রুতগতিতে চলতে থাকে। তিনি বলেন, "এ সময় র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নেন। এক পর্যায়ে গাড়িটি থেকে র‌্যাবকে লক্ষ করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। "কামারপাড়া ডাইভারশন রোডের কাছে গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে তুলা মিয়া। এ সময় র‌্যাবের গুলি তুলার ডান পায়ে বিদ্ধ হয়। পরে আহতাবস্থায় তাকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে পিস্তল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।" তুলাকে রাতেই টঙ্গী থানায় হস্তান্তর করা হয় এবং টঙ্গী সরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় বলে জানান এসআই মালেকা। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা পুলিশ শুক্রবার বিকালে তুলা মিয়াকে গাজীপুর বিশেষ আদালতে হাজির করলে বিচারক নূরে আলম ভুঁইয়া তাকে জেলা কারাগারে প্রেরণ ও চিকিৎসার আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮৪৬ ঘ.