ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিষয়ে বিএনপির কাছেও তথ্য চেয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
যুদ্ধাপরাধের বিচার শুরুতে আদালত গঠনের একদিন পর শুক্রবার বিরোধী দলের প্রতি এ আহ্বান জানান।
সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর আশরাফ সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করতে আমরা আশাবাদী। আমার তো মনে হয়, বিরোধী দলও যুদ্ধাপরাধীদের বিচার চায়।"
তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তথ্য দিয়ে সহায়তা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ বিচারে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিএনপির অন্যতম রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। দলটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও য্দ্ধুাপরাধের অভিযোগ রয়েছে, এ জন্য তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে ইতিপূর্বে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন যুদ্ধাপরাধের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও তা নাকচ করেছেন আশরাফ।
স্মৃতিসৌধের পর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন, "এ বিচারে শতভাগ আন্তর্জাতিক মান রক্ষা করা হবে। বিচার প্রক্রিয়া নিয়ে কোনো রকম প্রশ্ন উঠবে না।"
যুদ্ধাপরাধ বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম প্রকাশ বৃহস্পতিবার প্রকাশ করে সরকার। একাত্তরে মানবতার বিরুদ্ধে যারা অপরাধ সংঘটিত করেছে, তাদের বিচারই হবে এ ট্রাইব্যুনালে।
যুদ্ধাপরাধীদের বিচার শুরুর প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী স্মৃতিসৌধে সাংবাদিকদের বলেন, "সারা বাংলাদেশের মানুষ যুদ্ধপরাধীদের বিচার চায়। আমিও তার বাইরে নই। এ বিচারের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা আসবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফীন সিদ্দিক বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার সরকার করবে, তা আনন্দের বিষয়।"
স্মৃতিসৌধে ফুল দিয়ে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও যুদ্ধাপরাধীদের বিচার শুরুর প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত তা শেষ করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24