ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আদালত ও তদন্ত সংস্থা গঠনের একদিন পর শুক্রবার একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সকালে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
চিহ্নিত যুদ্ধাপরাধীদের আগেই গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা- সেখানে সাংবাদিকদের এ প্রশ্নে সাহারা বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হবে। প্রয়োজনে চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারও করা হবে।"
চিহ্নিত যুদ্ধাপরাধীদের দেশ ছাড়া ঠেকাতে কোনো পরিকল্পনা আছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, তাদের দেশ ত্যাগে 'নিষেধাজ্ঞা' আছে। তারা কেউ বাইরে যেতে পারবে না।
চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালানো ঠেকাতে সীমান্ত এলাকাসহ স্থল ও বিমানবন্দরে নজরদারি রয়েছে বলে মন্ত্রী জানান।
একাত্তরের যুদ্ধাপরাধীর তালিকা তৈরির কথা এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী জানালেও পরে বলা হয়, এটা তদন্ত সংস্থাই ঠিক করবে।
যুদ্ধাপরাধ বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। একাত্তরে মানবতার বিরুদ্ধে যারা অপরাধ সংঘটিত করেছে, তাদের বিচারই হবে এ ট্রাইব্যুনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এমআই/১০৫৫ ঘ.
bdnews24