২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার: বিএনপি সমর্থিত প্যানেল জয়ী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 07:39 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদসহ অপর সাতটি পদে জয়ী হয়। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদী। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে এ কে এম ফজলুল হক খান ফরিদ নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. নুুরুজ্জামান খান হিরু ও সহ-সম্পাদক পদে মো. মোশফাকুর রহমান সবুজ জয়ী হন। এই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হন আফরোজা চৌধুরী, আফরোজা নাজনীন আক্তার রেখা, বিলকিস ফাতেমা জিবলু ও মো. আবুল কালাম খান। বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সভাপতি পদে মো. গোলাম মোস্তফা, সহ-সম্পাদক পদে আ জ ম মোরশেদ আল মামুন লিটন জয়ী হয়েছেন। এই প্যানেলের সদস্য পদে জয়ী হন মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল হক ও নাসরিন আক্তার। সমিতির নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান আবুল কাসেম এম ফজলুল হক বৃহস্পতিবার রাত ১টায় নির্বাচনের এই বেসরকারী ফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৪ টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সমমনা আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য ফোরামের মোট ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণে বিরতি চলে। সমিতির ১৯শ ৭১ ভোটারের মধ্যে ১৭শ ১৮ জন ভোট দেন। সমিতির ১৪ সদস্যের কার্যকরী পরিষদে ১ জন সভাপতি, ১জন সম্পাদক, ২ জন সহ-সভাপতি, ১ জন কোষাধ্যক্ষ, ২ জন সহ-সম্পাদক ও ৭ জন সদস্য থাকার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/০১৩৫ ঘ.