ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি গেজেট এবং মুক্তিবার্তার মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম আছে, শুধু তারাই মুক্তিযোদ্ধা সংসদের আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।
এ তথ্য জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার শফিক আলম মেহেদী বলেছেন, কারো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকলেও এ দুই তালিকায় নাম না থাকলে ভোটার হবেন না।
মুক্তিবার্তা মুক্তিযোদ্ধা সংসদের একটি প্রকাশনা। আওয়ামী লীগের এর আগের সরকারের আমলে সেখানে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রকাশ হয়।
কারো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট না থাকলেও এ দুই তালিকায় নাম থাকলে তারাও ভোটার হবেন বলে মেহেদী জানান।
বিভিন্ন সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন হয়। এর মধ্য দিয়ে মুক্তিযোদ্ধার তালিকা বিতর্কিত হয়ে পড়েছে বলে অনেকেই মনে করেন।
বর্তমান সরকার ইতিমধ্যে জানিয়েছে, তারা বিভিন্ন তালিকা ধরে সমন্বিত একটি তালিকা করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩০ ঘ.
bdnews24