২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার হবে: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসের একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 07:32 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হবে। বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও জোর দেন। এ বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমী পেয়েছে সম্মানজনক এ পুরস্কার। ওসমানী স্মৃতি মিলনায়তনের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ জন্যই আন্তর্জাতিক অপরাধ আদালত আইন পাস করা হয়েছে। "১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর একজন সামরিক শাসক ক্ষমতা দখল করেন। এরপর দেশের বিভিন্ন কারাগারে থাকা ১১ হাজার যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়া হয়। তাদের পুনর্বাসন করা হয়, এমনকি প্রধানমন্ত্রীর পদেও বসানো হয়।" প্রধানমন্ত্রী বলেন, জাতীয় চার নেতা হত্যার বিচারও করা হবে। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছে অনেক। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস ও স্মৃতিকথা ছড়িয়ে আছে। এখন সময় এসেছে সেই স্মৃতিগুলোকে সংগ্রহ করে ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর।" প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিলো এ দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে। তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। শোষণমুক্ত সমাজ গঠন করে প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এছাড়া জীবিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের পুনর্বাসনে আরো 'বিস্তৃত' ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সম্মান পাওয়ায় দেশের প্রতি, জাতির প্রতি, নতুন প্রজন্মের প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এ বছর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- একেএম সামসুল হক খান (মরণোত্তর), ওয়াহিদুল হক (মরণোত্তর), অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, ড. মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক যতীন সরকার, বেলাল মোহাম্মদ, সৈয়দা সাজেদা চৌধুরী, আলমগীর কবির (মরণোত্তর), রোমেনা আফাজ (মরণোত্তর) ও ফেরদৌসী প্রিয়ভাষিণী। এর মধ্যে জীবিতরা নিজ হাতে পুরস্কার গ্রহণ করেন। যারা মারা গেছেন, তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার নেন। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে মুস্তাফা নূরউল ইসলাম বলেন, পদক হাতে নিয়ে অপরিসীম আনন্দবোধ করছি। মাতৃভাষা আন্দোলনের সড়ক ধরে স্বাধীন সার্বভৌম দেশের জন্মের নজির পৃথিবীর ইতিহাসে নেই, বলেন তিনি। দেশের দিন বদলের আলোয় সবার শুভ জীবনের আশা প্রকাশ করেন নূরউল ইসলাম। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও নগদ এক লাখ টাকা পাবেন। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিইএইচ/এমআই/১৪২৫ ঘ.