খুলনা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৮ মার্চের মধ্যে শ্রমিকদের সাত দফা দাবি পূরণ না করলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ২৯ মার্চ থেকে পরিবহন ধর্মঘট শুরু হবে।
বুধবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আঞ্চলিক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু।
লিখিত বক্তব্যে দুদু বলেন, আগামী ২৮ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করবে শ্রমিকরা। এরপরও দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির সভাপতি ভূষণ ঘোষ, সহসভাপতি শেখ অলিউর রহমান ও মো. জয়নাল আবেদীন, সাতক্ষীরা জেলা ট্রাক ও ট্যাংক লরি সমিতির সভাপতি মো. আব্দুর রকিব, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব।
তাদের দাবিগুলো হলো- চট্টগ্রাম ও সিলেট রুটের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার বাস-কোচের মজুরী প্রদান; লোকাল বাস মিনিবাসের স্টাফদের বেতন-খোরাকী বৃদ্ধি এবং ট্রাক শ্রমিকদের খোরাকী/কমিশন ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা; ঢাকা-আরিচা মহাসড়কে স্থাপিত ওয়েব্রিজ স্কেল কর্তৃপক্ষ ও পুলিশ কর্তৃক বেআইনি ও অযৌক্তিক অর্থ আদায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া, মাওয়া-চরজানাজাত ফেরিঘাটে স্থানীয় সংসদ সদস্যদের নামে সন্ত্রাসীর চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; পারাপারের জন্য পর্যাপ্ত ফেরির ব্যবস্থা ও সিরিয়াল নিয়ন্ত্রণ; হাইওয়ে পুলিশ কর্তৃক মাওয়া রোডের হাসাবা পুলিশ ফাঁড়িসহ মহাসড়কের বিভিন্ন স্থানের জুলুম বন্ধ; মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; সমগ্র বাংলাদেশের বিভিন্ন থানায় চালক ও সহকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার।
এর আগে গত ২৭ ফেব্র"য়ারি ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ট্রাক টার্মিনাল কার্যালয়ে আঞ্চলিক কমিটির এক বৈঠকে দাবি পূরণের জন্য ২৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। আর তিনদিন পর এই সময়সীমা অতিক্রম করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24