২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় বৈঠক ব্যর্থ, কর্মবিরতি চলছে

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 03:34 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

দিনাজপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার বেলা ৩টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মধ্যস্থতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের সঙ্গে বৈঠকে আন্দোলনরত শ্রমিকরা তাদের দাবিতে অটল থাকায় আলোচনা ব্যর্থ হয়। এর ফলে বিসিএমসিএল'র কর্মকর্তা ও কর্মচারীরা বুধবারও অবরুদ্ধ রয়েছেন। শ্রমিকরা মঙ্গলবার থেকে কর্মকর্তাদের আটকে রেখে শ্রমিকরা খনি এলাকার বাইরে মিছিল-মিটিং করছে। বিভিন্ন দাবিতে গত ফেব্র"য়ারিতেও দিনাজপুরের ওই খনির শ্রমিকরা ধর্মঘট করে। দুদিন কাজ বন্ধের পর সরকারি প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিক ও খনি পরিচালনাকারী চীনা ঠিকাদির প্রতিষ্ঠানের বৈঠকে সমঝোতা হলে ধর্মঘট তুলে নেওয়া হয়। বিসিএমসিএল মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ৩টায় শ্রমিক প্রতিনিধিদলের সঙ্গে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈঠক হয়। বৈঠকে আন্দোলনরত শ্রমিকরা মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিকদের বেতনের চেয়ে কমপক্ষে এক শতাংশ বেশি বেতনের দাবিতে অনড় থাকলে সমঝোতা ব্যার্থ হয়। মতিন জানান, মধ্যপাড়া শ্রমিকরা সরকারিভাবে নিয়োগ পেয়ে সরকারের নির্ধারিত স্কেলে বেতন পায়। বড়পুকুরিয়ার শ্রমিকরা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। এক্ষেত্রে মধ্যপাড়া শ্রমিকদের বেতনের চেয়ে বেশি বেতনের অযৌক্তিক দাবি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান মানতে রাজি হয়নি। বিসিএমসিএলএর অফিসার্স ওয়েলফার এসোসিয়েশনের সভাপতি হাবিব উদ্দিন আহমেদ জানান, শ্রমিক আন্দোলনে গত সোমবার মধ্যরাত থেকে তাদের পরিবারসহ প্রায় পাঁচশ কর্মকর্তা-কর্মচারি এবং প্রায় দুইশ চীনা নাগরিক ক্যাম্পাসে অবরুদ্ধ থাকায় খাদ্য ওষুধ সংকটসহ চরম মানবিক বিপর্যয় ঘটতে বসেছে। এ ব্যাপারে তারা দিনাজপুর রেডক্রিসেন্টের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত রেডক্রিসেন্ট থেকে কোন সাহায্য পৌছেনি। আন্দোলনরত শ্রমিক-কর্মচারি ইউনিয়নের কোষাধ্যাক্ষ জাহিদুল ইসলাম রতন জানান, তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সমঝোতা বৈঠকে বসে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিকদের বেতনের চেয়ে এক শতাংশ বেশি বেতন দিতে কর্তৃপক্ষ রাজি না হওয়ায় বৈঠক ব্যর্থ হয়। দাবি না মানা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান জাহিদুল। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৩১ ঘ.