মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের মধ্য দিয়ে নির্বাচন কমিশন এক ধরনের 'কর্তৃত্ব ফলাচ্ছে'- অনেক রাজনীতিক এ অভিযোগ তুললেও ইসি বলছে, আইন মানতে দলগুলোকে সহযোগিতা করতেই তাদের এ প্রয়াস।
অন্যদিকে বিতর্ক এড়াতে এ বিষয়ে নির্বাচন কমিশনকে 'অতিতৎপরতা' না দেখাতে সতর্ক করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
সহযোগী ছাত্র সংগঠনের কার্যক্রমে রাজনৈতিক দলের 'সম্পৃক্ততার' বিষয়ে ইসি ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠালে তা নিয়ে অসন্তোষ দেখা দেয় রাজনৈতিক নেতাদের মধ্যে।
"তারা যে চিঠি দিয়েছে, তা আবার তাদের ফেরত পাঠানো উচিত। দলের বিষয়ে কথা বলতে ইসিকে এ দায়িত্ব দিলো কে", বুধবার সাংবাদিকদের বলেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।
এ বিষয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইসির ক্ষমতা কতটুকু, তারও একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন।
গত বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে চিঠি দেয় নির্বাচন কমিশন।
বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগকে পাঠানো চিঠিতে বলা হয়- ছাত্রলীগের কার্যক্রম দেখভালে তিনজন আওয়ামী লীগ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যা গণপ্রতিনিধিত্ব আদেশ এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।
বিএনপিকে পাঠানো চিঠিতেও বলা হয়- ছাত্রদলের সঙ্গে বিএনপির নেতারা সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে প্রতীয়মান হচ্ছে।
দলগুলোকে এ বিষয়ে তাদের বক্তব্য ইসিকে জানানোর জন্য চিঠিতে বলা হয়।
আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থাকলেও বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে অঙ্গ সংগঠন রাখার সুযোগ বাতিল করা হয়। এর আলোকে রাজনৈতিক দলগুলোও তাদের গঠনতন্ত্র সংশোধন করে।
নির্বাচন কমিশনের এ চিঠি বিএনপি সহজভাবে না নিলেও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিঠির ভাষা দেখেই এ বিষয়ে আনুষ্ঠানিক কথা বলা যাবে। এখনো দলে এনিয়ে আলোচনা হয়নি।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের তত্ত্বাবধায়ক সরকার আমলে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন নিয়েই প্রশ্ন তুলেছেন।
ইসির পদক্ষেপের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ইসির বাড়াবাড়ি। তারা অপ্রয়োজনীয় কর্তৃত্ব দেখাচ্ছে।"
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলছেন, তারা রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুসরণ করেই এ পদক্ষেপ নিচ্ছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের মতামত চাওয়ার জন্যই এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর ওপর কর্তৃত্ব করার ইচ্ছা ইসির নেই, তা আমরা আগেও করিনি।"
ইসি ও দলগুলোর এ পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে আকবর আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসিকে নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব দিয়েছে সংবিধান। রাজনৈতিক দল নিয়ন্ত্রণের বা দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হয়নি।"
রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো ধরনের 'তদারকিমূলক' মনোভাব দেখালে ইসির ভাবমূর্তিই ক্ষুণ
bdnews24